
মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে ঘটে ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা।
গতকাল রাত সাড়ে ৯টায় এই ঘটনা সংগঠিত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, সন্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পর একদল দুর্বৃত্ত সাকিবের বাড়ির সামনে এসে হামলা শুরু করে। তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সঠিকতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীরা যখন দুটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায় তখন বাড়ির কাচের জানালা ভেঙে যায়।
ঘটনার সময় বাড়িতে পরিবারের কোন সদস্য উপস্থিত ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেই জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি আবদুল্লাহ।
