আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর। পরীক্ষা শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর পর্যন্ত। আর পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।
সম্প্রতি বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুসারে তৈরি প্রশ্নপত্রে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। এ ছাড়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে শিক্ষার্থীদের পাওয়া নম্বর সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে পাঠাবে। পরে কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর যুক্ত করে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরের মূল হাতে লেখা কপিও মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।
এর আগে গত ২৪ আগস্ট বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এরপর ২২ এপ্রিলের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
