
স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক এবং মশিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদকে ঘিরে কয়েকটি দৈনিকে রাস্তা সংস্কারের নামে প্রায় দুই লাখ টাকা চাঁদা উত্তোলনের সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
শনিবার ও রোববার প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদে রোববার সকাল ১১টার দিকে বাহাদুরপাড়া সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর দাবি, আবুল কালাম আজাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।
তারা বলেন, বাহাদুরপাড়া গ্রামের দুটি রাস্তা পাকাকরণের কার্যাদেশ আনতে আবুল কালাম আজাদ অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাহাদুরপাড়া সমাজ কল্যাণ নামে এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। রাস্তা নির্মাণের আনন্দে সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় কিছু অর্থ উত্তোলন করেন। সেই অর্থ রাস্তার উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বার্থে ব্যয় করার কথা ছিল। কিন্তু বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন সুপার আব্দুর রহমান, ওয়াজেদ আলী, সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, ব্যাংক কর্মকর্তা আশিকুর রহমান, আরিফ মণ্ডল, জামাল উদ্দিন মণ্ডল, চিকিৎসক আবু সাঈদসহ অনেকে।
আবুল কালাম আজাদ বলেন, জনস্বার্থে তিনি স্বেচ্ছায় বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রকল্পটি অনুমোদন করিয়েছেন। এজন্য তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
