স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে অস্ত্রের মুখে চালকের হাত-পা বেঁধে মহরম আলী (৩৭) নামে একজনের চার্জার ভ্যানগাড়ী ছিনতাই করেছে অজ্ঞাত দূবৃত্তরা। বুধবার ভোররাতে উপজেলার নগর ইউনিয়নের কয়েন-মকিমপুর গ্রামীণ সড়কে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক থানায় অজ্ঞাতনামা আসামির নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহরম মকিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহরম আলী ভোর সাড়ে চারটার দিকে নিজ গ্রামের আবু হানিফের তিন মন রসুন নিয়ে চাঁনপুর হাটের উদ্দেশ্যে রওনা হন। পথে সড়কের মাঝে কালভার্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্র এবং পিস্তল ঠেকিয়ে চালক মহরম এবং রসুন মালিক হানিফকে ভ্যান থেকে নামের পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে মারধর করে গামছা দিয়ে মুখ এবং রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তার মহরমের চার্জার ভ্যানগাড়ী ও আবু হানিফের ৩মন রসুন নিয়ে চলে যায়। এরপর সকাল সাড়ে ছয়টার দিকে তাদের গোংরানির শব্দ শুনে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামী ধরতে এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে কাজ শুরু করেছে।**

