স্টাফ রিপোর্টার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নের জিগোরি কর্মকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নির্মল কর্মকার (৪০) ওই গ্রামের মৃত অনিল কর্মকারের ছেলে। তিনি আজগর মোড় বাজারে একটি জুয়েলারি দোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নির্মল। পথে আজগর মোড় বাজারসংলগ্ন আবুল কাশেম মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব কর্মকারসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারাত্মকভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
নির্মলের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই বাগাতিপাড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বিপ্লব কর্মকার (৩৫) কে আটক করে। তিনি একই এলাকার মৃত বলই কর্মকারের ছেলে এবং আহত নির্মলের প্রতিবেশী ভাতিজা বলে জানা গেছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

