স্টাফ রিপোর্টার

নাটোরে লালপুরে অস্ত্রের মুখে আফজাল হোসেন নামে এক বিকাশ ব্যবসায়ীর টাকার ব্যাগ ও দুটি মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার ২১ ফেব্রুয়ারি রাত দশটার দিকে ঈশ্বরদী-বাঘা সড়কে রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিকাশ ব্যবসায়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া বাজারের বিকাশ ব্যবসায়ী আফজাল হোসেন রাত ১০টার দিকে দোকান হতে বাড়ি ফিরছিলেন। তিনি তার গ্রাম রহিমপুর এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে দুজন মোটরসাইকেল আরোহী তার পথ রোধ করে তার নিকট টাকা ও মোবাইল চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এসময় ছিনতাইকারীরা তাদের ধারালো অস্ত্রের কোপ দিয়ে আফজালের ব্যাগ সহ নগদ ৩০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি হায়দার আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এঘটনায় শনিবার (রাত সাড়ে ১১টা পর্যন্ত) লালপুর থানায় একটি অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এব্যাপারে জানান, বিষয়টি শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে।

