
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোমবার (১০ আগস্ট) এক বার্তায় তাঁরা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান।
এ সময় তাঁরা নিহতদের পরিবারের অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি হয়েছে।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে দূতাবাস
নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।

