
নাটোরের লালপুরে দ্রুতগতির স্যালোচালিত গাড়ির ধাক্কায় শাহজাহান নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সবুজ আলী নামে ওই গাড়ির চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা। আর আটক সবুজ আলী একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী ইজিবাইক সড়কের পাশে দাঁড়িয়ে পর্দা নামাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্যালোচালিত গাড়িটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক শাহজাহান।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সবুজ আলী পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
