
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক অসহায় মা। পরে পুলিশের অভিযানে মাদকসহ ওই যুবককে গ্রেফতার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ালিয়া গ্রামের আলামিন (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই নিজের মায়ের কাছে অর্থ দাবি করতেন। টাকা না পেলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে তার মা ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে সোমবার (২৯ জুন) দুপুরে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে আলামিনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে। পরে তাকে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তিনি অপরাধ স্বীকার করেন।
শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

