স্টাফ রিপোর্টার
লালপুরে এক অটোভ্যান চালককে মারধর করে আম গাছের সঙ্গে বেঁধে রেখে তার অটোভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩১ মে ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে লালপুর থানার মঞ্জিলপুকুর-খা পাড়া হাইওয়ে সড়ক সংলগ্ন বাকনাই এলাকার একটি কাঁচা রাস্তার পাশে লুৎফর রহমান মাস্টারের আমবাগানের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোভ্যান চালক লালপুর উপজেলারবড়বড়িয়া, সালামপুর গ্রামের মোঃ কলিমদ্দিন (৫৬), জানান, কচুয়া বাজার থেকে দুইজন অপরিচিত ব্যক্তি যাত্রীবেশে তার ব্যাটারিচালিত অটোভ্যান রিজার্ভ করে। পরে মঞ্জিলপুকুর-খাপাড়া হাইওয়ে সড়কে পৌঁছালে আরও ছয়জন অজ্ঞাত ব্যক্তি অটোভ্যানে ওঠে। মোট আটজন যাত্রী নিয়ে কাঁচা রাস্তা দিয়ে কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে তাকে জোরপূর্বক নামিয়ে আমবাগানের ভেতরে নিয়ে যায়।
সেখানে দুর্বৃত্তরা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে এবং একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যান, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা মোঃ সাব্বির (২৮) ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে খবর দেন। তাদের সহায়তায় কলিমদ্দিনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

