ম্যাচ শেষে ইরানী ফুটবল দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশম্যাচ শেষে ইরানী ফুটবল দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

সংবাদ শৈলী ডেস্ক

ম্যাচ শেষে ইরানী ফুটবল দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ
ম্যাচ শেষে ইরানী ফুটবল দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ
বাংলাদেশ সময় আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র করে ইরান। ম্যাচের পর দলের পরিকল্পনা ছিল ক্যালিফোর্নিয়ায় রাত কাটিয়ে বিশ্রাম ও পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন করা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরপরই খেলোয়াড়দের দ্রুত বিমানে উঠে মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
লস অ্যাঞ্জেলেস থেকে টিহুয়ানার দূরত্ব প্রায় ১৪০ মাইল। ম্যাচের পর এমন ভ্রমণসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইরান কোচ।
দোভাষীর মাধ্যমে গালেনোয়েই বলেন, ‘তারা আমাদের বিশ্রামের সময়টুকুও দিল না। ম্যাচ শেষে বলা হয়েছে, এখনই চলে যেতে হবে।
খেলোয়াড়দের পুনরুদ্ধারের জন্য বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বিমানে উঠে টিহুয়ানায় ফিরে যেতে বলা হয়েছে। বিষয়টি আমাদের জন্য বড় সমস্যা তৈরি করেছে।’
তবে এই সিদ্ধান্ত কারা নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
গালেনোয়েই আরও বলেন, ‘আমরা জানি না কেন আমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।
বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছে। মনে হচ্ছে, আমাদের পরিকল্পনা অন্যরা করছে এবং আমাদের বিষয়ে সিদ্ধান্তও অন্য কোথাও নেওয়া হচ্ছে।’
তিনি জানান, দলের পরিকল্পনা ছিল ম্যাচের দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে এসে অবস্থান করা এবং ম্যাচের পরের দিন দুপুরে টিহুয়ানায় ফেরা। কিন্তু সেই পরিকল্পনা পরিবর্তন হওয়ায় দলের প্রস্তুতিতে প্রভাব পড়ছে।
ক্ষোভ প্রকাশ করে ইরান কোচ বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে।’
বিশ্বকাপ শুরুর আগ থেকেই নানা জটিলতার মুখে ছিল ইরান। দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধির পর দলটি তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজনের আবেদন করেছিল। তবে সেই আবেদন গ্রহণ করা হয়নি।
দলের অধিনায়ক মেহদি তারেমিও পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ম্যাচের প্রায় এক ঘণ্টা পর তিনি বলেন, এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হবে, এটা আমাদের জন্য ভালো নয়। আমার মনে হয়, ফিফার আমাদের আরও বেশি সহায়তা করা উচিত। আমাদের জন্য সবকিছুই যেন বিপর্যয়ের মতো।
তিনি জানান, দলের প্রস্তুতির সময়ও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচিং স্টাফের কয়েকজন সদস্য এবং গণমাধ্যম কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুবার পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় ইরান। ম্যাচের ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবির গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে দলটি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে তারা।
মাঠে ইরানের সমর্থকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তবে গ্যালারিতে দেশটির সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া অনেক ইরানি-আমেরিকান সমর্থকও দেখা গেছে।
ইরানের পরবর্তী ম্যাচও অনুষ্ঠিত হবে সোফি স্টেডিয়ামে। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় বেলজিয়ামের মুখোমুখি হবে গালেনোয়েইয়ের দল। তার আগে মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফিরে প্রস্তুতি চালিয়ে যাবে তারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *