
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিনীত যোশিকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গাঙ্গওয়ার। একই প্রজ্ঞাপনে আরও ১৩টি নতুন নিয়োগ এবং চার কর্মকর্তার পদোন্নতির ঘোষণা দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানাচ্ছেন আন্দোলনকারীরা।
এদিকে ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদাসীনতার কারণেই শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। তার ভাষ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলা বা গাফিলতি করা কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার গভীর রাতে একটি ফাস্ট-ট্র্যাক আদালতও গঠন করা হয়েছে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ভারত সরকার।
