বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। তারা আমাদের ‘লাল কার্ড’ দেখায়। তবে সেই লাল কার্ডের কোনো পরোয়া করে না জামায়াত, কারণ তাদের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছাই দলের নেই।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়েও সেই অর্জন রক্ষা করবে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, সবাই ২০২৪ সালের পরিবর্তনের কথা স্বীকার করলেও অনেকেই এখনও অতীতের রাজনীতিতে আটকে আছেন। তার ভাষায়, ‘২৪ না হলে তারেক সাহেব প্রধানমন্ত্রী আর আমি বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। অতীত নিয়েই পড়ে থাকলে জাতি সামনে এগোবে কীভাবে?’

রাষ্ট্রীয় সংস্কারের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। গণভোট নিয়ে জনগণ কিছুই বোঝে না—এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘চারটি প্রশ্ন যদি জনগণ বুঝতে না পারে, তাহলে ৩১ দফা কীভাবে বুঝল?’

ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো অন্যায় করা উচিত নয়। ভোটে কারচুপির বিষয় একদিন না একদিন সামনে আসবেই বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গণভোটের রায়ের পক্ষে আন্দোলন কখনোই বৃথা যাবে না। প্রয়োজন হলে সংসদের পাশাপাশি রাজপথেও জনগণের দাবি আদায়ে আন্দোলন চলবে।

সভায় তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন স্থাপনার নামকরণের দাবি জানান। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই জামায়াত সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *