
চট্টগ্রাম: প্রাইভেট কারের গতিরোধ করে প্রবাসীর ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ১ জনকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। এসময় ছিনতাইয়ের ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গত ১১ আগস্ট রাউজানের ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর সেবাখোলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার শিকার মো. আহম্মদ উল্লাহ সাব্বির (২৬) তার কাতার প্রবাসী চাচাতো ভাই মো. রাসেলের অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা তুলে চাচাতো ভাইয়ের বসতবাড়ি নির্মাণের জন্য প্রাইভেটকারে মো. রোহান (১৮) ও মো. আরফাত (২২) নামের দুইজনকে সঙ্গে নিয়ে ইট কিনতে হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন এলাকার ইটভাটায় যাচ্ছিলেন।
বিকাল সাড়ে ৩টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ৫-৬ জন দুষ্কৃতকারী গতিরোধ করে দেশিয় অস্ত্র দেখিয়ে মারধর করে এবং ভুক্তভোগীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সংবাদ প্রাপ্তির পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তাৎক্ষণিকভাবে রাউজান থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ অভিযানে নামে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরে সিকদার বাড়িতে অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীনকে (৫২) গ্রেপ্তার করা হয়।
তার তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিনতাইকৃত নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অবশিষ্ট ৬ লাখ টাকা উদ্ধারের লক্ষ্যে থানা পুলিশের একাধিক টিমের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
