
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “কোনোভাবে পরাজিত শক্তির উত্থান হলে কেউ স্থির থাকতে পারবেন না, কেউ নিরাপদও থাকতে পারবেন না। পরিকল্পিতভাবে সন্ত্রাসের আবহ সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা সফল হবেন না; বরং নিজেরাই সেই ঘোলা পানিতে ডুবে যাবেন।”
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অসাম্প্রদায়িক কবি। তিনি শুধু মুসলমানদের নন, হিন্দু, খ্রিস্টানসহ সকল মানুষের কবি। যারা নজরুলকে নিয়ে সমালোচনা করেন, তারা তাঁর সাহিত্য ও দর্শন সম্পর্কে না জেনেই মন্তব্য করেন। নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি খাল-বিল পুনঃখননের কাজও চলমান রয়েছে। বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে এবং নতুন শিল্পসংযোগ (ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ) তৈরির বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “সমালোচনা করুন, সরকারের নীতির বিরোধিতা করুন এটি গণতান্ত্রিক অধিকার। তবে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি থেকে বিরত থাকতে হবে। শেখ হাসিনার সময়ের মতো এখন আর সেলফ-সেন্সরশিপের পরিবেশ নেই। মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে তা দায়িত্বশীল হতে হবে।”
এর আগে বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শন করেন রুহুল কবির রিজভী আহমেদ। সেখানে তিনি বলেন, মৌসুমি শিল্প হিসেবে পরিচালিত চিনিকলগুলোকে সারা বছর উৎপাদনমুখী রাখার লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি বলেন, “চিনিকলগুলো নির্দিষ্ট মৌসুমে চালু থাকে। বছরের বাকি সময়ে কীভাবে উপজাত (বাই-প্রোডাক্ট) উৎপাদনের মাধ্যমে এসব শিল্প সচল রাখা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। দেশের কল্যাণ ও শিল্পোন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। ঢাকাকেন্দ্রিক শিল্পায়নের পরিবর্তে স্থানীয় পর্যায়ে বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন স্থানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে। বিএনপিকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বলেন, “৫ আগস্টের গণ-আন্দোলনের চেতনা যেন বিনষ্ট না হয়, সেটিই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
