
স্টাফ রিপোর্টার
নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নাটোর সদর উপজেলার তেবাড়ীয়া ইউনিয়নের বনবেলঘরিয়া একডালা নারায়ণপাড়া এলাকায় নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরের কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জেবর আলীর ছেলে মো. আরিফুল ইসলাম আরিফকে (৩১) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর প্রায় ৩০ মিনিট পর একই এলাকায় পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। এ অভিযানে রাজশাহীর বাঘা পৌরসভার দক্ষিণ গাওপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে নাইমুল হাসান ওরফে আপন (২৬) এবং তার স্ত্রী মোছা. শিল্পীকে (২৬) আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল Carew’s Imperial Whisky উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও চেকপোস্ট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাটোর থানায় পৃথক পৃথক নিয়মিত মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
