স্টাফ রিপোর্টার
নাটোর- বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকাল ৬টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার পিছলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন (১৮), লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) এবং নাটোর শহরের আলাইপুর মহল্লার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন্দর আমতলা এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর দুই আরোহী মুক্তার হোসেন ও জীবন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
