স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কাঁচা বসতঘর, একটি অটোরিকশার আংশিক অংশ, তিনটি গরুসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ হয়েছেন এক গৃহবধূ। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আদম আলী উপজেলার পিপরুল ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মোহাম্মদ ইছাক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দুটি কাঁচা বসতঘর, তিনটি গরু, ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র এবং আদম আলীর অটোরিকশার উপরের অংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে আদম আলীর স্ত্রী গুরুতর দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।
