ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন বসবে।
সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপনকে এবারের অধিবেশনে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি জানান, বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিন চলতে পারে। তবে প্রয়োজন অনুযায়ী সময় বাড়ানো হতে পারে।
এ অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল রয়েছে।
সম্পত্তি হস্তান্তর আইনে বাবা-মা জীবিত থাকা অবস্থায় সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল ও ব্যবহারের অধিকার বাবা-মায়ের কাছে রাখার বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি অবহেলা রোধের ব্যবস্থা করা হবে।
এছাড়া জুলাই সনদের ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের বিষয়েও আলোচনা হতে পারে। এ জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার পর তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

