চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—সুমাইয়া (১০), আরিবা (৮), সুমি (১২), সুরাইয়া (৯) ও শরীফা (১২)।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সুযোগে শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে পাঁচ শিশুরই মৃত্যু হয়েছে বলে জানা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

