কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ শনিবার (২২ আগস্ট) রাতে কুষ্টিয়ায় পৌঁছানোর পর সৎকার করা হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) ভোরে দাফন করা হয়েছে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর মরদেহ।

 

শনিবার (২২ আগস্ট) বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় দেবাশীষের পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে রাতে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। পরে লাশবাহী গাড়িতে করে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন স্বজনরা।

 

এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করা হয় সাজু নামে পরিচিত আলিমুজ্জামান সাজুর মরদেহ। পরে লাশবাহী গাড়িতে করে মরদেহ নেওয়া হয় কালীগঞ্জের বরেয়া গ্রামের বাড়িতে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

অন্যদিকে, পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে রেবতী সরকারের মরদেহ।

 

উল্লেখ্য, গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৯ জন। তাদের মধ্যে ৭ জনই বাংলাদেশি। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি নাগরিক দগ্ধও হয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *