চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের অর্থে শিক্ষাপ্রতিষ্ঠানে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী এবং অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

 

তবে বিতরণের আগে সরকারি অর্থে কেনা প্রতিটি বাইসাইকেলে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নামে স্টিকার লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) দুপুরের দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণের ঠিক আগে সাইকেলগুলোতে লাগানো স্টিকার উপস্থিত সবার নজরে আসে। স্টিকারে লেখা ছিল, ‘শিক্ষা সহায়তা উপহার, এডিপির অর্থায়নে, সৌজন্যে মাসুদ পারভেজ, মাননীয় সংসদ সদস্য-৭৯, চুয়াডাঙ্গা-১।

 

বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয়দের বাধার মুখে সাইকেলগুলো থেকে স্টিকার খুলে ফেলেন জামায়াতে ইসলামীর এক নেতা। এ নিয়ে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘যেটা করা হয়েছে, সেটা ঠিক কাজ হয়নি। এ বিষয়ে আমি জানতাম না। আলমডাঙ্গায় আসার সময় পথের মধ্যে বিষয়টি জানতে পেরেছি। জানার পর আমি সেগুলো সরিয়ে নিতে বলেছি। এটা যৌক্তিক কাজ নয়।’

 

স্টিকার লাগানোর ঘটনায় উপজেলা পরিষদের সিএ জসিম উদ্দিন এবং সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে পরিচিত উপজেলা জামায়াতের এক নেতার (নাম প্রকাশে অনিচ্ছুক) সম্পৃক্ততার কথা স্থানীয়দের কেউ কেউ উল্লেখ করেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের এডিপির চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের অর্থে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী এবং অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার বরাদ্দ করা হয়। সরকারি বরাদ্দের অর্থে কেনা এসব সামগ্রী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, ভেটেরিনারি সার্জন তরিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইমরুল হক।

 

এছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা ও পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *