চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ, আর নিখুঁত অভিনয়ের মাধ্যমে ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। ২০২২ সালে আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এ প্রথমবারের মতো এই চরিত্রের দেখা মেলে। এরপর দর্শকদের তুমুল আগ্রহে এই চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয় স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
অপরাধ ও থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজের প্রথম দুই কিস্তির অভাবনীয় সাফল্যের পর এবার সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন উঠেছে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় কিস্তি আসছে। দীর্ঘদিনের অপেক্ষার পর এই গুঞ্জনে স্বাভাবিকভাবেই দর্শকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু সত্যিই কি ফিরছে অ্যালেন স্বপন? এ বিষয়ে ঢাকা পোস্টের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন সিরিজের নির্মাতা ও প্রযোজক।
গত বছরের শেষের দিকে নির্মাতা জানিয়েছিলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর চিত্রনাট্যের কাজ চলছে এবং এ বছরই শুটিং হবে। সেই ধারাবাহিকতায় নতুন কিস্তি নিয়ে জানতে চাওয়া হলে নির্মাতা শিহাব শাহীন কিছুটা রহস্য জিইয়ে রাখেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘এখনো কিছু বলার সময় আসেনি। সময় এলে জানাব। আমরা এখনো স্পষ্ট করে কিছু বলতে পারছি না। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
তবে নতুন কিস্তি এলে সেটি যে যথারীতি ‘চরকি’ প্ল্যাটফর্মেই আসবে, তা নিশ্চিত করেছেন এই নির্মাতা।
এ প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রযোজক রেদওয়ান রনি বিষয়টি নিয়ে বেশ ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। ঢাকা পোস্টকে তিনি জানান, চরকির সবচেয়ে বড় অরিজিনালগুলোর মধ্যে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ অন্যতম। রেদওয়ান রনি বলেন, ‘অফিশিয়াল ডিক্লেয়ারেশন আমরা তখনই দিই, যখন সবকিছু চূড়ান্ত হয়। তবে এটা নিয়ে কাজ চলছে, অনেকদিন ধরেই কাজ চলছে। শিহাব শাহীন কাজ করছেন, চরকির ক্রিয়েটিভ টিম কাজ করছে। মূলত আমরা চিত্রনাট্যের জন্য একটা বড় সময় নিই।’
রেদওয়ান রনি আরও একটু স্পষ্ট করে বলেন, ‘চরকির অন্যান্য প্রজেক্টের পাশাপাশি অ্যালেন স্বপন নিয়েও কাজ এগোচ্ছে। কবে শুটিং হবে বা কবে মুক্তি পাবে, তা একদম চূড়ান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। আমি এখন যেটা বলছি সেটা কিন্তু অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট না।’
উল্লেখ্য, শিহাব শাহীনের পরিচালনায় ও রেদওয়ান রনির প্রযোজনায় ২০২৩ সালের ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম মৌসুমেই বাজিমাত করার পর গত বছরের ৩০ মার্চ মুক্তি পেয়েছিল এর দ্বিতীয় মৌসুম। সিরিজটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিক হিসেবেও স্বীকৃতি লাভ করে। জানা গেছে, তৃতীয় মৌসুমেও নামভূমিকায় নাসির উদ্দিন খানই থাকছেন। পাশাপাশি রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ারসহ আগের দুই মৌসুমের অনেক শিল্পীর সঙ্গে নতুন মুখের দেখাও মিলতে পারে।
তবে এখন পর্যন্ত নানা জল্পনা-কল্পনা চললেও আপাতত আনুষ্ঠানিক ঘোষণা শোনা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।