স্টাফ রিপোর্টার

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার। #সংবাদ শৈলী
লালপুরে পদ্মার চরে স্পিডবোটে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার#সংবাদ শৈলী

নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চলে স্পিডবোটের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে লালপুর থানাধীন চর জাজিরা মৌজার পদ্মা নদীর কিনারায় একটি স্পিডবোটের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী হবির চর এলাকায় বালি মহল নিয়ে বেলাল ও কাকন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত একজন গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তিরা গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে স্পিডবোটে করে লালপুর থানার চর জাজিরা এলাকায় এনে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যক্তি মোঃ আজিজুল হক ঝড়ু (৩৫)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাবনা পাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে।

পুলিশ জানায়, ঝড়ুর বাম চোখের উপরের অংশে গুলির আঘাত লেগে তা মাথার উপর দিক দিয়ে বের হয়ে গেছে। ঘটনাস্থলে তাকে স্পিডবোটের ভেতরে রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া যায়।

খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেন। এ সময় লালপুর থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পু লিশ আরও জানায়, নিহত ঝড়ু চারঘাট এলাকায় কাকন নামের এক ব্যক্তির বালুর পয়েন্টে কাজ করতেন। বালি মহল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”

ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ বলছে, সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *