
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছেন এসআরবি-৫।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। তাঁরা সম্পর্কে আপন ভাই।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে গন্ডবিল গ্রামের শিমুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে শিমুল ও সজীবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ঘর থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে। অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কন্ঠকে বলেন, “এসআরবির অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

