র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের পর যেন শুধু নাম ও পোশাক পরিবর্তন হয়, কিন্তু বাহিনীর কার্যক্রম ও আচরণে কোনো পরিবর্তন না আসে—এমনটি চান না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, র্যাব বিলুপ্তির বিষয়ে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু ঐকমত্যই ছিল না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত এই বাহিনী বিলুপ্তির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল।
তিনি আরও বলেন, র্যাবের পরিবর্তে যে নতুন সংস্থা গঠন করা হচ্ছে, সেটি যেন কেবল নাম বা পোশাক পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। শুধু পোশাক পরিবর্তন করে আগের সবকিছু একই রকম রেখে দিলে সেই পরিবর্তনের কোনো অর্থ থাকবে না।
এপিবিএন বিলের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে অতীতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মানুষকে নানাভাবে হয়রানি, নির্যাতন ও ভয়ের মধ্যে থাকতে দেখা গেছে। ভবিষ্যতে কোনো রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে এ ধরনের আচরণ আর দেখতে চান না তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে। পুলিশ, র্যাব কিংবা অন্য কোনো রাষ্ট্রীয় বাহিনী—সব বাহিনীই যেন নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার নিশ্চিত করবে বলে আশা করেন তিনি।
