নাটোরের সিংড়ায় খসড়া নিরাপদ খাদ্য (মোড়কজাত খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলা চত্বরে সিটিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং কনজুমারস সংস্থার বাস্তবায়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কনজুমার্সের নির্বাহী পরিচালক মেহনাজ মালা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, দেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম (লবণ) ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত ও মোড়কজাত খাবার এসব রোগের অন্যতম ঝুঁকি।

তাই ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সহজে সচেতন করতে মোড়কজাত খাদ্যের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল চালু করা জরুরি।

তারা বলেন, খাদ্যের মোড়কে দৃশ্যমান স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল থাকলে ভোক্তারা পণ্য কেনার আগেই এর পুষ্টিগুণ ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে দ্রুত ধারণা নিতে পারবেন। পাশাপাশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও তুলনামূলক স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে উৎসাহিত হবে।

মানববন্ধন থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রণীত খসড়া নিরাপদ খাদ্য (মোড়কজাত খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। জনস্বাস্থ্য রক্ষায় মোড়কজাত খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *