বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের মধ্যে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রীকে একটি টেক্সট মেসেজ পাঠিয়ে সুখবর জানান। তিনি জানান, বাংলাদেশ সম্পর্কিত যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল-৩ (Reconsider Travel) থেকে লেভেল-২ (Exercise Increased Caution)-এ নামিয়ে আনা হয়েছে। এর ফলে আগের তুলনায় বাংলাদেশ ভ্রমণকে বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করার বার্তা মার্কিন নাগরিকদের দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ট্রাভেল অ্যাডভাইজরির এই উন্নতি বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

মন্ত্রণালয় জানায়, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্বের ইতিবাচক ধারাকেও তুলে ধরে।

সরকার এই অগ্রগতিকে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছে।

প্রসঙ্গত, গত বছরের ১৮ এপ্রিল বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র লেভেল-৩ (ভ্রমণ পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছিল।

তবে পার্বত্য চট্টগ্রাম, মিয়ানমার সীমান্তবর্তী এলাকা এবং বাংলাদেশের রোহিঙ্গা শিবিরসংলগ্ন অঞ্চলে এখনো লেভেল-৪ (ভ্রমণ নিষিদ্ধ) সতর্কতা বহাল রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৩ আগস্ট দেশে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়ে লেভেল-৪ সতর্কতা জারি করেছিল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *