১৩ নভেম্বর ২০২৬ | রাত ২:৩৪:০৬ মিনিট
বাড়ি ফেরা হলো না মোটরসাইকেল মেকার শান্তর, ছেলের ফেরার অপেক্ষায় মায়ের কান্না#সংবাদ শৈলীবাড়ি ফেরা হলো না মোটরসাইকেল মেকার শান্তর, ছেলের ফেরার অপেক্ষায় মায়ের কান্না#সংবাদ শৈলী

 

স্টাফ রিপোর্টার
দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন ১৯ বছরের তরুণ শান্ত আলী। হয়তো মায়ের সঙ্গে বলেছিলেন, কাজ শেষে ফিরে আসবেন। সেই আশায় মা অপেক্ষা করছিলেন ছেলের ফেরার পথ চেয়ে। কখন দরজায় কড়া নাড়বে ছেলে, কখন ঘরে ফিরবে—এমন প্রতীক্ষার মধ্যেই হঠাৎ খবর আসে, সড়ক দুর্ঘটনায় আর বাড়ি ফেরা হবে না শান্তর। ছেলের মৃত্যুর খবর শুনে মুহূর্তেই নিভে যায় মায়ের আছিয়া বেগমের সব আশা। যে সন্তানকে ঘিরে ছিল হাজারো স্বপ্ন, সেই সন্তানকে ফিরতে হলো নিথর দেহ হয়ে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের আন্দি (মুচিপাড়া) মোড়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান শান্ত আলী (১৯)। দুর্ঘটনার পর অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান চালক।
নিহত শান্ত আলী উপজেলার সালামপুর গ্রামের মিলন আলীর ছেলে। তিনি মোটরসাইকেল মেরামতের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে শান্ত আলী পাবনা-ল-১২-০৩২৪ নম্বরের লাল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে সালামপুর বাজার থেকে লালপুরের দিকে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান লালপুর থেকে সালামপুর বাজারের দিকে যাচ্ছিল। আন্দি (মুচিপাড়া) মোড়ে পৌঁছালে দুই যানবাহনের ডান পাশের অংশে সজোরে সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন শান্ত। তাঁর ডান পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে যায়। মাথার ডান পাশে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর অজ্ঞাতপরিচয় অটোভ্যানচালক ভ্যানটি নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে আব্দুলপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আবু তাহের দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে নেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *