স্টাফ রিপোর্টার

টোরের বাগাতিপাড়া উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আবাসন এলাকার ওই গৃহবধূ গত ২৪ মে সকালে বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার জ্বালানি সংগ্রহ করতে যান। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে জোর করে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোনোভাবে বাড়িতে ফিরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেশীরা জানান, চিকিৎসা শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী থানায় অভিযোগ করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ২৫ মে সকালে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
