স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) উপজেলার চৌগ্রাম ও ২০ এপ্রিল সোমবার (২০ এপ্রিল) চামারী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন, উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মৃত সুকুমারের ছেলে শ্রী সুমন কুমার (৩৫) এবং ৫নং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের শহীদ মোল্লার ছেলে মোঃ সজল মোল্লা (২৪)। নিমাকদমা এলাকাবাসী জানায়, গতকাল ১৯ এপ্রিল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের পুকুরে সেচ দিতে যায় সুমন কুমার। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। এদিকে আজ ২১ এপ্রিল সোমবার সকালে উপজেলার নিজ জমিতে মোটর পাম্প দিয়ে সেচ দিতে যান মহিষমারী কাচারিপাড়া গ্রামের সজল মোল্লা। সেখানে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

