
বগুড়ার আদমদীঘিতে ফার্মেসি থেকে ওষুধ চুরির সময় আলামিন হোসেন নামে এক যুবককে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপে এ ঘটনা ঘটে।
ফার্মেসির মালিক জহুরুল ইসলাম জানান, তিনি বাথরুমে যাওয়ার সুযোগে আলামিন দোকানে ঢুকে ওষুধ নেওয়ার চেষ্টা করেন। এ সময় চেয়ার ভেঙে পড়ে গেলে পাশের দোকানিরা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি ওষুধ চুরির কথা স্বীকার করেন বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয়রা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। একপর্যায়ে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়তে বলা হয়। স্থানীয়দের দাবি, নিজের অপরাধের জন্য অনুতপ্ত করা এবং ভবিষ্যতে চুরি থেকে বিরত রাখার উদ্দেশ্যেই এমন শাস্তি দেওয়া হয়েছে।
পরে আলামিনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
