১৪ নভেম্বর ২০২৬ | সকাল ১০:৪৪:৫১ মিনিট

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মাধ্যমে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা আলাদা পরীক্ষা না দিয়ে একটি পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ তৈরি হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। সম্ভাব্য নতুন চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে আসনসংখ্যা বেড়ে প্রায় ১৬ হাজার ৪৭৩ থেকে ১৬ হাজার ৬৪৩টিতে দাঁড়াতে পারে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে এসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।

গত ১ নভেম্বর দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০টি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি আসন রয়েছে।

 

এ ছাড়া নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ৩৯০টি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১টি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০টি আসন রয়েছে।

অন্যদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০টি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০টি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০টি আসন রয়েছে।

ভর্তি পরীক্ষা

এ ছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০টি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২টি, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০টি এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি আসন রয়েছে।

এদিকে, সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রাথমিকভাবে আনুমানিক ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।

 

অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ অনুমোদন পায়নি। এসব বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পরই আসনসংখ্যা চূড়ান্তভাবে জানা যাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাথমিকভাবে আনুমানিক ১০০ থেকে ১৫০টি আসন থাকতে পারে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *