১৮ সেপ্টেম্বর ২০২৬ | রাত ১০:৩৯:৫৬ মিনিট

সন্তানের জন্য জীবন বিলিয়ে দেওয়া বাবা, শেষ বয়সে পড়ে রইলেন পথের পাশে!
স্টাফ রিপোর্টার
যে হাত একদিন সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে, যে কাঁধে ভর করে হয়তো সন্তানরা জীবনের প্রথম পথ চলেছে—শেষ বয়সে সেই মানুষটিই পড়ে রইলেন অসুস্থ অবস্থায়, একা, পথের পাশে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গার মাধনগর স্টেশন রোডের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধকে। শরীর তখন প্রায় নিস্তেজ। পাশে নেই পরিবারের কেউ, নেই দেখভালের মানুষ।
বিষয়টি নজরে আসে পরিবেশ ও সংবাদকর্মী ফজলে রাব্বীর। তিনি খবর দেন ফায়ার সার্ভিস ও পুলিশকে। পরে তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নাটোর সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
কিন্তু তখনই সামনে আসে আরও কঠিন বাস্তবতা।
অসুস্থ এই মানুষটির বাড়ি নওগাঁর নিয়ামতপুরে। সঙ্গে নেই কোনো স্বজন। তাকে হাসপাতালে নেওয়ার মতোও কেউ নেই। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পরে তাকে পাঠানো হয় নাটোর সদর হাসপাতালে।
এরপর মুঠোফোনে থাকা একটি নম্বরে যোগাযোগ করা হলে ফোন ধরেন এক নারী। জানা যায়, ফোনটি ওই বৃদ্ধের ভাইয়ের। পরিবারের বিষয়ে জানতে গিয়ে জানা যায়—তার স্ত্রী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। কিন্তু দুই ছেলে বাবার ভরণপোষণের দায়িত্ব নেননি বলে জানানো হয়।
শেষ পর্যন্ত তিনি আশ্রয় নিয়েছিলেন নিজের বোনের কাছে।
অসুস্থ ভাইয়ের খবর পাওয়ার পর বোনও প্রথমে আসতে চাননি। কারণ, নিজের পারিবারিক অসচ্ছলতা। পরে অনুরোধ ও বোঝানোর পর তিনি আসার কথা জানান।
একজন মানুষের জীবনের শেষ অধ্যায় কি এমন হওয়ার কথা?
যে বাবা হয়তো নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানদের বড় করেছেন, নিজের প্রয়োজনকে পেছনে রেখে তাদের ভবিষ্যৎ গড়েছেন—আজ সেই বাবারই শেষ বয়স কাটছে অনিশ্চয়তা আর অযত্নের মধ্যে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *