স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—আতিয়ার (৯) ও আবু বক্কর (৬)। তারা একই গ্রামের আতিকুল ইসলামের সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশেই খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পুকুরে নেমে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধারের পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির আগেই তাদের মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে ঈশোরপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নিহতদের বাবা আতিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার দুইটা সন্তান একসাথে হারাইলাম। ওরা খেলতে গেছিল, আমরা বুঝতেই পারি নাই কখন পুকুরে নামছে। আমি এখন কিভাবে বাঁচবো!”
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত জটিলতা না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

