স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুর উপজেলার নান্দু রায়পুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের নকল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, পরীক্ষার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রকাশ্যে নকল করছে। কেউ বই বা কাগজ দেখে লিখছে, আবার কেউ মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখছে। আরও উদ্বেগজনক বিষয় হলো—ভিডিওতে পরীক্ষার কক্ষে কোনো শিক্ষক বা তদারককারী উপস্থিত ছিলেন না, যা পুরো পরীক্ষার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে।
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অভিভাবকসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। ভিডিও ধারণ ও প্রকাশ করার কারণে সংশ্লিষ্ট এক শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে পরীক্ষার সময় শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
স্থানীয়দের দাবি, শুধু ভিডিও প্রকাশকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না; বরং যারা নকল করেছে এবং যারা দায়িত্বে অবহেলা করেছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।
