১৯ সেপ্টেম্বর ২০২৬ | দুপুর ১:১৩:৫৩ মিনিট
ময়মনসিংহ নগরীতে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) ও ডিজিএফআই (ডিফেন্স ইন্টেলিজেন্স)-এর পরিচয় দিয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের সঙ্গে জড়িত চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর নটর ডেম কলেজের পেছনের জালালের মোড় এলাকা থেকে মো. আব্দুস সামাদ (৩১) নামের এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় চক্রটি। আব্দুস সামাদ কোতোয়ালী মডেল থানা এলাকার পনঘাগড়ার বাসিন্দা।
অপহরণকারীরা নিজেদের ডিবি ও ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে একটি গোপন স্থানে আটকে রাখে। সেখানে তাকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসিয়ে চালান দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার স্বজনদের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনাটি জানতে পেরে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে টহল পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহৃত আব্দুস সামাদকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ডিবি ও ডিজিএফআই পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবির খবর পাওয়ামাত্রই কোতোয়ালী থানা পুলিশের টহল দল অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও পাঁচ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা গুরুতর অপরাধ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, উদ্ধার অভিযানের স্থান থেকে অপরাধকাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) এবং স্বজনদের সঙ্গে মুক্তিপণের বিষয়ে যোগাযোগের কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন।
গ্রেপ্তারকৃত আসামিরা ভুয়া ব্যাজ ও পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল কি না, তা জানতে তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *