
স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে বাসুদেবপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ২৪৬/৪-৬ রেলওয়ে কিলোমিটার এলাকায় রাজশাহী থেকে চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনাটি দেখতে পেয়ে রেলের খালাসি মো. শাহার আলী দ্রুত নলডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। পরে থানার জরুরি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
এরপর সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মাহফুজুর রহমান বলেন,পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহ সান্তাহার রেলওয়ে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে সংশ্লিষ্ট পুলিশ।

