নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় নিজ শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, শুক্রবার দুপুরে গাওপাড়া ঢালান এলাকার স্বামী রাহুল রাহাত ও স্ত্রী লিজা খাতুন দুপুরের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। বিকেল চারটা দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হলে পরবর্তীতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তারা। এসময় ঘরের তিরের সাথে ওড়না পেঁচিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবার ও এলাকাবাসীরা। এসময় পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে একমাস আগে রাহুল রাহাত ও লিজা খাতুন প্রেম করে বিয়ে করে।
এ বিষয়ে নাটোর থানার ওসি মনসুর আহমেদ বলেন, পারিবারিক দ্বন্দের কারণে আত্মহত্যা করতে পারে অথবা অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।