
নাটোরে দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে , ২০ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
নাটোর প্রতিনিধি
নাটোর শহরের কান্দিভিটা এলাকায় একটি দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে ২০ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত কর্মচারীকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কান্দিভিটা এলাকায় হুমায়রা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি আব্দুল কাইয়ুম (৬৪) ওই প্রতিষ্ঠানের কর্মচারী। ব্যবসায়ী ফেরদৌসের দাবি, জমি বিক্রির ২০ লাখ টাকা এবং সরকারি আটা কেনার আরও ২০ হাজার টাকা নিয়ে দুপুরে দোকানে অবস্থান করছিলেন কাইয়ুম।
এ সময় স্থানীয় যুবক তুষার দোকানে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি ডাব কাটার হাসুয়া দিয়ে কাইয়ুমের মাথায় আঘাত করে তার কাছ থেকে ২০ লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। এ সময় কাইয়ুমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহত কাইয়ুম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

