জেলা প্রতিনিধি: নাটোর
নাটোরের চাঁদপুর বাজার এলাকায় ট্রাকের সঙ্গে ইউনুস আলী মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন শিকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের চালক ছিলেন। সোমবার সকালে নাটোর রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ফেরার পথে চাঁদপুর বাজার সংলগ্ন মহাসড়কে অ্যাম্বুলেন্সটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক স্বপন শিকদারের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর থানার ওসি মনসুর আহমেদ বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
