
শরীয়তপুরের জাজিরায় একদিন পার না হতেই আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে টয়লেটের ছাদ ভেঙে পড়ে এবং পানির ট্যাংক উড়ে বাড়ির অন্য স্থানে পড়ে।
বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের কদম আলি মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একদিন আগে বিলাসপুর ইউনিয়নে মালয়েশিয়া প্রবাসী মো. আলী উজ্জামাল হাওলাদারের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই ঘটনায় সেপটিক ট্যাংকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার একদিন পার না হতেই বিকেনগর ইউনিয়নে আবারও বিস্ফোরণের ঘটনায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তাদের দাবি, এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে একই চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাস্থলের অবস্থা দেখে মনে হয়েছে আগে থেকেই বোমা রাখা ছিলো, রোদের তাপে হয়তো বিস্ফোরিত হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কীভাবে বিস্ফোরকটি সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে জাজিরার বিলাসপুর ইউনিয়নে একাধিক ককটেল বিস্ফোরণ, কবরস্থান থেকে বিপুলসংখ্যক তাজা ককটেল উদ্ধার, বিস্ফোরণে প্রাণহানি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শতাধিক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সর্বশেষ একদিনের ব্যবধানে দুটি পৃথক ইউনিয়নে বিস্ফোরণের ঘটনায় পুরো জাজিরায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
