ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘সরকারি দল সবসময় জনগণের জবাবদিহিতার আওতায় থাকবে এবং বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটা জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সেজন্য শিবির তথা সাদিক কায়েমদের প্রতি আহবান থাকবে, সরকারের গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু আওয়ামী ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিদিন সকাল-বিcjল শুধুমাত্র বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন ছাত্রদল সভাপতি। এর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে রেজিস্ট্রার ভবনের সামনে ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। পাশ দিয়েই ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে যান।
রাকিবুল ইসলাম রাকিব পোস্টে বলেন, বিদেশি এজেন্সি নির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনী নির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের প্রতিনিয়ত এ ধরনের লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গত ১০ নভেম্বর সন্ত্রাসী ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রায় ১৫-২০টি মিছিল শুধুমাত্র ঢাবি ক্যাম্পাস বা ক্যাম্পাস সংলগ্ন এলাকাতেই অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘সাদিক কায়েমদের ভাগ্য ভালো সেদিন শুধুমাত্র একটি মিছিলের মুখোমুখি হতে হয়েছে, তাতেই হয়তো নিজেদের গুপ্ত ও বট বাহিনী নির্ভর অপরাজনীতির কুফল স্পষ্ট হয়েছে। নিজ সংগঠনের সাংগঠনিক পর্যালোচনার আহবান জানাই এবং শিবিরের ছাত্রলীগ পুনর্বাসন প্রক্রিয়া থেকে বের হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ও রাজপথে সোচ্চার হওয়ার আহবান জানাই।’
