চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন হামলা না চালালেও সামাজিক যোগাযোগমাধ্যমে চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ইরানের মানচিত্রে নিজের মুখের ছবি বসিয়ে দেশটি ধ্বংসের হুমকি দিয়েছেন তিনি।
ট্রাম্পের পোস্টে ইরানের তেল রপ্তানি কমে যাওয়া, মূল্যস্ফীতি ও মুদ্রার দরপতনের ছবি দেখানো হয়। এ ছাড়া ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্গ দ্বীপে হামলার ইঙ্গিত দিয়ে একটি এআই-তৈরি যুদ্ধবিমানের ছবির সঙ্গে ‘বাই বাই, খার্গ’ ক্যাপশন দেন তিনি।
ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন এখন দিনে ১ কোটি ৮০ লাখ ব্যারেলে উঠেছে, যেখানে সংঘাতের আগে ছিল ২ কোটি ব্যারেল। তবে ইরান ট্রাম্পের এসব সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা প্রত্যাখ্যান করে নতুন হামলা হলে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, আগ্রাসনের জবাব হবে আরও দ্রুত, তীব্র ও বেদনাদায়ক। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই জানান, হরমুজ প্রণালির কাছে ‘নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠা করা হবে এবং সেখানে প্রবেশকারী জাহাজকে ইরানের নিষেধাজ্ঞা তালিকায় রাখা হবে।
