স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় মারধর করে ভুক্তভোগীর কাছ থেকে নগদ তিন লাখ টাকা আদায় এবং আরও এক লাখ টাকা দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের বাদী হয়ে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তুল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেনের (৩৫) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের সবাইকে জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চামটা বিলের একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন ছাত্রদল নেতা বাবুল হোসেন। মঙ্গলবার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করেন এবং প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন। সেতুর পাশের জমিটি তেবাড়িয়া গ্রামের বাসিন্দা ও জোনাইল পাগলা বাজারের ব্যবসায়ী আব্দুল কাদেরের।
আব্দুল কাদেরের অভিযোগ, প্রশাসনকে তথ্য দিয়ে অভিযানে সহযোগিতা করার সন্দেহে ওই দিন দুপুরে বাড়ি ফেরার পথে আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে তাকে তুলে বিলে নিয়ে যান বাবুল ও তার লোকজন। সেখানে জাল নষ্টের ক্ষতিপূরণ বাবদ তার কাছে ১২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মোবাইল কেড়ে নিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত তিন লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয়। টাকাটি আফসার আলী গ্রহণ করেন এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আফসার আলী বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’ ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, ‘প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে তাকে সন্দেহ করা হয়েছিল। জড়িত না থাকায় আত্মীয়স্বজন এসে তাকে নিয়ে গেছেন। মারধর বা টাকা লেনদেনের অভিযোগ সঠিক নয়।’
এ বিষয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনাটি বিব্রতকর। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

