২৩ অক্টোবর ২০২৬ | সকাল ৯:৫২:৩৯ মিনিট
নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল হাইএস, অল্পের জন্য রক্ষা চালকের
নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল হাইএস, অল্পের জন্য রক্ষা চালকের

স্টাফ রিপোর্টার
নাটোরে রেলক্রসিং পার হওয়ার সময় কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি হাইএস মাইক্রোবাস। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালক। স্থানীয়দের অভিযোগ, রেলগেটে সিগন্যাল বা ব্যারিয়ার না থাকায় ঘটেছে দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, নাটোর সুগার মিলসংলগ্ন জংলি ছোট রেলগেট। গত রাত তিনটার দিকে রেললাইন পার হওয়ার সময় হঠাৎ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে একটি হাইএস মাইক্রোবাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে নাটোরের জংলিতে নামিয়ে দিয়ে ফিরছিল মাইক্রোবাসটি। রেলগেট পার হওয়ার সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। চালক আবুল হোসেন নাটোরের বড় হরসপুর এলাকার আবুল কালামের ছেলে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় থেকে সাত লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জংলি ছোট রেলগেটে নেই কোনো কার্যকর সিগন্যাল, নেই ব্যারিয়ারও। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন রেললাইন পারাপার করতে হয় পথচারী ও যানবাহনকে।

তাদের দাবি, রেলগেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *