কিশোরগঞ্জের ভৈরবে হবু বরের অনৈতিক আবদার না মানায় বিয়ে ভেঙে যাওয়ার পর অভিমানে ইঁদুরের বিষ খেয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত মীম বেগম (২০) উপজেলার শ্রীনগর এলাকার জীবন মিয়ার মেয়ে। অভিযুক্ত পাভেল মিয়া (২২) একই এলাকার বাসিন্দা ও ইতালি প্রবাসী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় সাত মাস আগে দুই পরিবারের সম্মতিতে মীম ও পাভেলের বিয়ে ঠিক হয়। পাভেল ইতালি থেকে নিয়মিত মীমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতেন। একপর্যায়ে তিনি মীমের কাছে ব্যক্তিগত ও অশ্লীল ছবি চান বলে অভিযোগ ওঠে। মীম এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

পরে পাভেল আংটি ও কিছু টাকা ফেরত দিয়ে বিয়ে ভেঙে দেন বলে পরিবারের দাবি। এর পরদিন মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মীম ইঁদুরের বিষ পান করেন।

পরিবারের সদস্যরা তাকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে অভিযুক্ত পাভেল ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্যও বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *