ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা-সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে যোগ দিয়ে টানা ১৮ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত সোনম ওয়াংচুকের অনশন ভাঙানোর ইচ্ছা প্রকাশ করে আলোচনায় এসেছেন। এ বিষয়ে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাখি বলেন, তিনি নিজে যন্তর মন্তরে গিয়ে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাতে চান। তিনি বলেন, “আমি ওনার জন্য লেবুর পানি, আমের শরবত ও মৌসুমি লেবুর জুস নিয়ে যাব।”
রাখি আরও বলেন, “কিছু মানুষের জন্য নিজের জীবন এভাবে ঝুঁকিতে ফেলবেন না। আপনি আমাদের দেশের অমূল্য সম্পদ। আপনার সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ।”
এদিকে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাও। অভিনেত্রী জিনাত আমান, সোনি রাজদান, শাবানা আজমি এবং অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠকসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি সংহতি জানিয়েছেন এবং আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
এছাড়া ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রে চতুর চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য এবং অভিনেত্রী স্বরা ভাস্কর আন্দোলনস্থলে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
