স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে ৮০০ বিঘা জমির জলাবদ্ধতা নিরসন ও ফসল রক্ষায় এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) জুবায়ের জাহাঙ্গীর এক্সকেভেটর মেশিন দিয়ে বাঁধ অপসারণ করার ফলে ৮’শ বিঘা জমিতে ফসল চাষ সম্ভব হবে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি সরেজমিনে উপস্থিত থেকে ২টি এক্সকেভেটর মেশিন দ্বারা বাধ অপসারণ করান। এর আগে কতিপয় অসাধু পুকুর খননকারী উপজেলার মাঝগাঁও চিনিডাঙ্গা বিলের কয়েকটি স্থানে পুকুর খনন করতে গিয়ে পুকুরের পাড় নির্মাণ করে। মূলতঃ সেই পাড়গুলোই বাধ হিসেবে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে আসছিলো। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস এর কাছে কৃষকেরা অভিযোগ দায়ের করলে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তমতে এসি ল্যান্ড এই বাধ অপসারণের উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা পানাসি (পাবনা-নাটোর-সিরাজগঞ্জ) ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প সভাপতি শফিকুল ইসলাম জানান, এই অবৈধ বাধ অপসারণের ফলে উপজেলার চিনিডাঙ্গা, গুরুমশৈল, ক্ষেতখৈর, আড়াইল, লেদুগাড়ি, আগ্রান নেংটাদহ বিলের কমপক্ষে ৮০০ বিঘা জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। ফলে ক্ষতির হাত থেকে রক্ষা পেলো কমপক্ষে ৭০০ কৃষক।
বাধ অপসারণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহদী হাসান, উপ সহকারী কৃষি অফিসার মাহবুব আলম, বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেমন, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান সহ স্থানীয় অন্যান্য সাংবাদিক, কৃষক ও স্থানীয় সুধীজন।
#

