০৯ সেপ্টেম্বর ২০২৬ | বিকাল ৪:৩৯:৫৪ মিনিট

ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন এক গল্পের সূচনা করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চলমান আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানা আমাজন ওয়ারিয়র্স মিরাজকে দলে ভিড়িয়েছে। এখন অভিষেকের অপেক্ষায় রয়েছেন মিরাজ।

মূলত আফগান তারকা মোহাম্মদ নবির পরিবর্তেই গায়ানা আমাজন ওয়ারিয়র্সে জায়গা পেয়েছেন মিরাজ। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে নবী জাতীয় দলে যোগ দিচ্ছেন। তার অনুপস্থিতিতে আমাজন ওয়ারিয়র্স অলরাউন্ড পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে মিরাজের ওপরই আস্থা রেখেছে।

এদিকে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের স্থানে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিসকে দলে নিয়েছে গায়ানা।

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের সাম্প্রতিক সাফল্যের পেছনে মোহাম্মদ নবীর ভূমিকা ছিল অনবদ্য। গ্লোবাল সুপার লিগ ও সিপিএল মিলিয়ে শেষ ১১ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে গায়ানা। দলটির অধিনায়ক ইমরান তাহির নবীর বিদায়ে আফসোস প্রকাশ করে জানান, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা এই অফস্পিনারকে অবশ্যই দল মিস করবে, তবে দলের নতুন সদস্যরা এসে সেই অভাব পূরণ করবেন বলেই তার বিশ্বাস।

বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসের টি-টোয়েন্টি স্কোয়াডে মিরাজ না থাকায় সিপিএলের বাকি অংশের পুরোটা জুড়েই গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না তার। এর আগে ২০১৭ সালে ট্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি এই টাইগার অলরাউন্ডারের। ফলে গায়ানার জার্সিতেই ক্যারিবীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হতে যাচ্ছে মিরাজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *